Showing posts with label অগ্রিম আয়কর. Show all posts
Showing posts with label অগ্রিম আয়কর. Show all posts

Wednesday, September 20, 2017

গাড়ির ফিটনেসের টাকা জমা দিতে গেলে অগ্রিম আয়কর ডাবল চাচ্ছে কেন?

2:56 AM 5
জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও(statutory regulatory order)-এর আলোকে অর্থবছর অনুযায়ী বিআরটিএ অগ্রিম আয়কর সংগ্রহ করে। অর্থাৎ গাড়ির মালিক কর্তৃক প্রতি অর্থবছরে একটি করে অগ্রিম আয়কর প্রদান করার বিধান রয়েছে। অর্থবছর শুরু হয় ০১ জুলাই থেকে আর শেষ হয় পরবর্তী বছরের ৩০শে জুন। যেমন: বর্তমান অর্থবছর ২০১৭-২০১৮ শুরু হয়েছে ০১ জুলাই ২০১৭ তারিখে আর শেষ হবে ৩০ জুন ২০১৮ তারিখে।

এবার বিআরটিএ কর্তৃক ডাবল বা তারও বেশী অগ্রিম আয় কর দাবী করার বিষয়ে আলোকপাত করা যাক। ২০১৭ সালের পূর্বে গাড়ির ফিটনেস নবায়নের সময় শুধুমাত্র চলতি অর্থবছরের আয়কর পরিশোধ করা আছে কি-না তা ম্যানুয়াল পদ্ধতিতে একজন মোটরযান পরিদর্শক কর্তৃক অগ্রিম আয়কর পরিশোধের ব্যাংকের রশিদ/পেঅর্ডার/স্ট্যাম্প ইত্যাদি যাচাই করে গাড়ির ফিটনেস নবায়ন করা হতো। যার ফলে গাড়ির  ফিটনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ৩০শে জুন তারিখ অতিক্রম করে কিছু গাড়ি মালিক সজ্ঞানে বা অজ্ঞতার কারণে পূর্ববর্তী বছরর অগ্রিম আয়কর পরিশোধ না করে শুধুমাত্র চলতি অর্থবছরের অগ্রিম আয়কর পরিশোধ করে ফিটনেস নবায়ন করিয়েছেন। কিন্তু ২০১৭ সাল থেকে এ যাচাই পদ্ধতিতে অটোমেশন আনা হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী কোন অর্থবছরে অগ্রিম আয়কর অপরিশোধিত থাকলে তা পরিশোধ না করে ফিটনেস নবায়ন ফি প্রদানের সুযোগই রাখা হয়নি। যার ফলে পূর্ববর্তী বছরগুলোর মধ্যে কোন এক বা একাধিক অর্থবছরে অগ্রিম আয়কর অপরিশোধিত থাকলে তা পরিশোধ না করা পর্যন্ত গাড়ির ফিটনেস নবায়ন ফি প্রদান করা হচ্ছে না।

উদাহরণ: যেমন জনাব মোঃ আব্দুল মালেক সাহেবের একটি গাড়ি আছে। তিনি প্রতিবছর নিয়মিত ফিটনেস নবায়ন করে থাকেন। গত ২৫ মে ২০১৩ তারিখে তার গাড়ির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ হয়।  কিন্তু তার পারিবারিক কারণে উক্ত তারিখে তার গাড়ির ফিটনেস নবায়ন করতে পারেননি। তিনি গত ১৮ জুলাই ২০১৩ তারিখে ব্যাংকে গিয়ে একটি অগ্রিম আয়কর ও জরিমানাসহ ফিটনেস নবায়ন ফি পরিশোধ করে একই দিন বিআরটিএ থেকে গাড়ির ফিটনেস নবায়ন করিয়ে নেন। পরবর্তীতে তিনি ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যথা সময়ে অর্থাৎ ফিটনেসে মেয়াদ উত্তীর্ণের পূর্বেই গাড়ির ফিটনেস নবায়ন করিয়ে নিয়েছেন। কিন্তু ১৮ জুলাই ২০১৭ তারিখে তার গাড়ির ফিটনেস নবায়নের ফি পরিশোধ করতে গেলে ব্যাংক থেকে তাকে জানানো হলো যে, তাকে ডাবল অগ্রিম আয়কর প্রদান করতে হবে। তিনি প্রথমে খুবই রেগে গেলেন এবং অকথ্য ভাষায় বিআরটিএকে গালি দিতে লাগলেন। তারপর তিনি বিআরটিএ অফিসে এসে বিষয়টি জানতে চাইলেন। তখন বিআরটিএ থেকে তাকে জানানো হলো যে বিগত ২৫ মে ২০১৩ তারিখটি ছিল ২০১২-২০১৩ অর্থবছরের মধ্যে। উক্ত অর্থবছরের তার গাড়ির ফিটনেস নবায়ন করা হয়নি এবং উক্ত অর্থবছরের অগ্রিম আয়করও পরিশোধ করা হয়নি। কাজেই উক্ত ২০১২-২০১৩ অর্থবছরের অগ্রিম আয়কর পরিশোধ না করে বর্তমানে ফিটনেস ফি পরিশোধ করার সুযোগ নেই। জনাব মোঃ আব্দুল মালেক সাহেব তার পূর্বের কাগজপত্র যাচাই করে দেখলেন যে সত্যই তার  ২০১২-২০১৩ অর্থবছরের অগ্রিম আয়কর অপরিশোধিত রয়েছে।


বি:দ্র: পরিশোধিত অগ্রিম আয়কর গাড়ির মালিক(প্রতিষ্ঠান/ব্যক্তি)-এর আয়কর রির্টানের সাথে সমন্বয় করার সুযোগ রয়েছে। অর্থাৎ আয়কর রির্টান দাখিলের পূর্বেই আপনি আয়কর জমা দিয়েছেন, যা আয়কর রির্টান দাখিলের সময় রির্টানে উল্লেখ করবেন।

Sunday, September 17, 2017

আমি গত আগস্ট ২০১৬-তে গাড়ি কিনেছি, কিন্তু ২০১৪-২০১৫ অর্থবছরের অপরিশোধিত অগ্রিম আয়কর কেন দিব?

11:09 AM 0
অগ্রিম আয়কর বিআরটিএর কোন ফি বা সার্ভিস চার্জ না। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক গাড়ি সিসি বা শ্রেণী অনুযায়ী নির্ধারিত হরে গাড়ির মালিকগণ (প্রতিষ্ঠান বা ব্যক্তি) তার আয়কর অগ্রিম পরিশোধ করে থাকেন এবং আয়কর রিটার্ন দাখিল করার সময় তা সমন্বয় করে থাকেন। এখানে উল্লেখ্য যে, 2014-15 অর্থবছরের অপরিশোধিত অগ্রিম আয়কর গাড়ির অনুকূলে পরিশোধ করার বিধান রয়েছে, যা গাড়ির বর্তমান মালিকের আয়কর রিটার্ন-এর সাথে সমন্বয়ের সুযোগ রয়েছে। কিন্তু পূর্ববর্তী মালিকের আয়কর রিটার্ন-এ তা সমন্বয় করার সুযোগ নেই। কাজেই, গাড়ির বর্তমান মালিক উক্ত অপরিশোধিত অগ্রিম আয়কর পরিশোধ কবেন এবং তার আয়কর রিটার্ন-এর সাথে সমন্বয় করবেন।

Friday, September 8, 2017

অগ্রিম আয়কর কি এবং কেন দেব ?

12:30 PM 2
আয়কর কি?
কোন ব্যক্তির আয়ের আলোকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দেশমতো সরকারী রাজস্বতে যে কর জমা করা হয় তাই আয়কর।

অগ্রিম আয়কর কি?
অগ্রিম আয়কর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দেশিত এক প্রকার আয়কর যা আয় বছরে রাজস্বতে জমা করতে হয় এবং ঐ আয়বছরের আলোকে যে কর বছরে আয়র রিটার্ন দাখিল করা হয় তাতে সমন্বয় করতে হয়।

যাদের আয়কর সম্বন্ধে ধারণা আছে তারা উপরের ব্যাখ্যাটি সহজেই বুঝতে পারবেন। কিন্তু আমার মতো যাদের আয়কর সম্বন্ধে কোন ধারণা নেই তাদের জন্য একটু ব্যাখ্যা সহকারে বলা যাক।

অর্থবছর কি?
অর্থনীতিতে হয়তো অর্থবছরের অনেক ধরণের সংজ্ঞা পাওয়া যাবে কিন্তু সাধারণভাবে বোঝার জন্য বলছি -   আর্থিক লেনদেনের হিসাবের সুবিধার্থে  জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জুলাই মাসের ০১ তারিখ হতে পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত একবছর সময়কে অর্থবছর বলা হয়। যেমন- ২০১৭-২০১৮ অর্থবছর শুরু হয়েছে ০১ জুলাই ২০১৭ তারিখ থেকে এবং শেষ হবে ৩০ জুন ২০১৮ তারিখে।

আয়বছর কি? 
যে অর্থবছরে কোন ব্যক্তির আয় হিসাব করা হয় তাই ঐ ব্যক্তির আয়বছর।  যেমন- আব্দুল করিম সাহেব ২০১৬-২০১৭ অর্থবছরে অর্থাৎ ০১ জুলাই ২০১৬ তারিখ হতে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত আয়ের হিসাব করা হলে এ ২০১৬-২০১৭ অর্থবছরই তার আয়বছর।

আয়কর বছর কি?
কোন অর্থবছর/আয়বছর শেষে কোন ব্যক্তি ঐ আয়বছরের আয়ের আলোকে পরবর্তী যে অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল করবেন তাই আয়কর বছর। যেমন- আব্দুল করিম সাহেব ২০১৬-২০১৭ অর্থবছরে অর্থাৎ ০১ জুলাই ২০১৬ তারিখ হতে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত আয়ের হিসাব করে তার আলোকে ২০১৭-২০১৮ আয়কর বছরের আয়কর রিটার্ন দাখিল করবেন।  একথায় আয়-বছরের পরবর্তী বছরই আয়কর বছর। আয়বছর ২০১৬-২০১৭ হলে আয়কর বছর হবে ২০১৭-২০১৮।

মোটরযানের ক্ষেত্রে অগ্রিম আয়কর কেন দিব? 
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পর্যালোচনা করে দেখা গেছে কোন মোটরযান (কার/জীপ/মাইক্রোবাসসহ সকল গাড়ি) পরিচালনার খরচ (যেমন-ড্রাইভার, রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদি-এর খরচ) নির্বাহের জন্য মোটরযানের মালিকের (ব্যক্তি/প্রতিষ্ঠান) যে পরিমাণ আয়ের প্রয়োজন তা হিসাব করে মোটরযানের ধরণের উপর ভিত্তি করে অনুমিত অগ্রিম আয়কর ধরা হয়েছে। কাজেই জাতীয় রাজস্ব বোর্ড-এর নির্দেশ তথা সরকারের নির্দেশ মোতাবেক সকল মোটরযানের মালিককে এ অগ্রিম আয়কর দিতে হবে। এই অগ্রিম আয়কর পরবর্তী অর্থবছরে আয়কর রিটার্নের সাথে সমন্বয় করার বিধান রয়েছে।

প্রদত্ত অগ্রিম আয়কর সমন্বয় করব কিভাবে?
ধরাযাক (১) আব্দুল করিম সাহেব ০১ জুলাই ২০১৬ তারিখ হতে ৩০ জুন ২০১৭ তারিখের মধ্যে অর্থাৎ ২০১৬-২০১৭ অর্থবছরে মোটরযানের অগ্রিম আয়কর বাবদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা জমা দিয়েছেন।
(২) ২০১৬-২০১৭ অর্থবছরের আয় হিসাব করে তার আয়করের পরিমাণ হয়েছে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা।
(৩) আব্দুল করিম সাহেব তার ২০১৭-২০১৮ আয় বছরের রিটার্ন  ফরমের “পরিশোধিত কর: (ক)  উৎস হতে কর্তিত/সংগৃহীত কর:” এর ঘরে মোটরযানের অগ্রিম আয়কর বাবদ প্রদত্ত ৩০,০০০/- জমা দেখিয়ে অবশিষ্ট (৪০,০০০ - ৩০,০০০) = ১০,০০০/- (দশ হাজার) টাকার ট্রেজারি চালান/পে-অর্ডার করে আয়কর রিটার্ন দাখিল কবেন।

বি:দ্র: উপরের ব্যাখ্যায় যদি কোন ভূল থাকে তা সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল আর আপনার কোন প্রশ্ন থাকলে তা এ ব্লগের কমেন্টে মাধ্যমে জানানো জন্যও অনুরোধ করা হলো।